দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন।
শনিবার (১১ মে) দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহ সভাপতিত্ব করেন। পরে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবনির্বাচিতদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভাটি প্রবাসী সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।
সভায় নবগঠিত কমিটির নেতারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। প্রবাসীদের জীবনসংগ্রাম, সাফল্য ও নানা সংকটের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন।
তারা আরও বলেন, প্রবাসীদের সমস্যা, আইনি জটিলতা, মানবিক সংকট এবং রেমিট্যান্স যোদ্ধাদের সফলতার গল্প বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা সংগঠনটির অন্যতম লক্ষ্য। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতারা বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় সাংবাদিক সমাজ আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
জে আই